গুগল স্ট্রিট ভিউয়ের বিকল্প কিনলো ফেসবুক

২০ জুন, ২০২০ ০১:২১  
সাম্প্রতিক সময়ে ম্যাপের উপর বেশ নজর দিয়েছে ফেসবুক। এরই ধারাবাহিকতায় গুগল স্ট্রিট ভিউয়ের বিকল্প ম্যাপিল্যারি অধিগ্রহণ করেছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এনগ্যাজেট। গতবছর ফেসবুক তাদের ওপেনস্ট্রিটম্যাপ ব্যবহারকারীদের জন্য এআই টুল চালু করে। এছাড়া এআর প্লানেটভিত্তিক থ্রিডি ম্যাপ তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা দেয়। সম্প্রতি কোভিড-১৯ এর প্রাদুর্ভাব নিয়ে ব্যবহারকারীদের আপডেটেড রাখতে ইন্টার‍্যাক্টিভ ম্যাপ উন্মুক্ত করে। ম্যাপিল্যারি হলো একটি স্ট্রিট লেভেল ইমেজারি প্লাটফর্ম যা ম্যাপিংকে স্কেল এবং অটোমেট করে। ২০১৩ সাল থেকে এটি বিশ্বের প্রায় ১৯০টি দেশে স্মার্টফোনের মাধ্যমে আশেপাশে ছবি সংগ্রহ করে আসছে। এটি মূলত ক্রাউড-সোর্সেড গুগল স্ট্রিট ভিউ। এখন পর্যন্ত ম্যাপিল্যারি অবাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেয়। কিন্তু শুক্রবার থেকে বাণিজ্যিক ব্যবহারকারীরাও বিনামূল্যে ব্যবহার করতে পারবে। ফলে বোঝা যাচ্ছে সেবাটি ফেসবুকের প্লাটফর্মে বিশেষ করে ফেসবুক পেজে এটি ব্যবহার করা হবে। ডিবিটেক/বিএমটি